এনসিটি ইজারা বিরোধী আন্দোলন: বদলিকৃত ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করল বন্দর কর্তৃপক্ষ

প্রকাশ :
সংশোধিত :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনরত সেই ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে জনস্বার্থে এই ১৫ জন কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষে প্রেষণে বদলি করা হয়েছিল।
বন্দর কর্তৃপক্ষের রোববারের আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি বদলির আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে তাদের নিজ নিজ বিভাগ থেকে অবমুক্ত (Stand release) করা হয়। ‘চবক কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯১’-এর ৯(৩) ধারা মোতাবেক অবমুক্তির তারিখ হতে ২ কর্মদিবসের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু সংশ্লিষ্ট সংস্থা (মোংলা ও পায়রা বন্দর) থেকে জানা গেছে যে, বদলিকৃত কর্মচারীরা অদ্যাবধি তাদের নতুন কর্মস্থলে যোগদান করেননি। এই প্রেক্ষাপটে, তাদের অনুকূলে বরাদ্দকৃত চট্টগ্রাম বন্দরের বাসা (যদি থাকে) বাতিল করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, নিউমুরিং টার্মিনাল (এনসিটি) বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দিয়ে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এই কর্মচারীরা। ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় এবং প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গত সপ্তাহে তাদের চট্টগ্রাম থেকে সরিয়ে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়। এবার তাদের সরকারি বাসাও বাতিল করা হলো।


For all latest news, follow The Financial Express Google News channel.